কৃষি সংবাদ ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ার রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের সম্মানে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। এ সময় তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় ও আন্তরিক আলোচনা হয়।
মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় ডা. জুবাইদা রহমান অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা বর্তমানে তুরস্কের আন্তালিয়ায় অবস্থান করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন দিনের সফরে তুরস্কে রয়েছেন ডা. জুবাইদা রহমান।