কৃষি সংবাদ ডেস্ক:
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় প্রচলিত অর্থায়নব্যবস্থার পরিবর্তন এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, ঋণ-ত্রাণ সুবিধা, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর এবং দক্ষতা উন্নয়নসহ পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন তিনি।
জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ে তুলতে আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে এসব প্রস্তাব তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণের শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাত মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকে। জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সমর্থন প্রয়োজন। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির পাশাপাশি ক্রমবর্ধমান ঋণের বোঝা ও সীমিত আর্থিক সম্পদ এসব দেশের পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। তাই ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর নতুন ঋণের বোঝা না চাপিয়ে অনুদান দিতে হবে।
তারেক রহমান বলেন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। পাশাপাশি জলবায়ু-সহনশীল ঋণব্যবস্থা ও ডেট-ফর-ক্লাইমেট সোয়াপের মতো ঋণ-ত্রাণ সুবিধা চালু, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য সাশ্রয়ী অর্থায়ন এবং দক্ষতা উন্নয়নের উদ্যোগ নিতে হবে। কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাবও দেন তিনি।
জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশের এক ট্রিলিয়ন ডলারের লক্ষ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পাশাপাশি এগিয়ে নিতে হবে।
জলবায়ু মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, বৈদ্যুতিক যানবাহন ও পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা সম্প্রসারণ এবং কার্বন ট্রেডিংয়ের জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এ ছাড়া পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যান এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত করা ও ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের কাজও চলছে।
‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতিকে রক্ষা করতে হবে এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে। জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের সম্পৃক্ত করা, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী সম্মেলনের আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ একটি সফল কপ-৩১ সম্মেলন প্রত্যাশা করে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল নিশ্চিত করতে হবে। প্রতিশ্রুতিকে বাস্তবে রূপান্তর এবং বৈশ্বিক সংহতি জোরদারের আহ্বান জানান তিনি।
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এদিকে কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আনতালিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
তিনি বলেন, বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে দেশটির সহযোগিতা কামনা করেন তিনি।
কপ-৩১-এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়ন নিয়েও আলোচনা করেন।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারে তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত।
বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া পরিবেশ সংরক্ষণ, দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ এবং খাল খননসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন তিনি।
বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন প্রধানমন্ত্রীর
এর আগে বৃহস্পতিবার সকালে কপ-৩১ সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রদর্শিত বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।
স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্যাভিলিয়নে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
প্যাভিলিয়নে বাংলাদেশের বিভিন্ন ধরনের পাটজাত পণ্য দেখে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের কাছে এসব পণ্যের বিষয়ে তাঁদের আগ্রহের কথা জানতে চান। শিক্ষার্থীরা বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য সম্পর্কে আরও জানতে এবং এ বিষয়ে পড়াশোনা করতে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষকে সুস্থ ও সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, জুতা, ব্লেজারসহ ১২৯ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। পরিবেশবান্ধব এসব পণ্যের আন্তর্জাতিক বাজারে ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্যাভিলিয়ন পরিদর্শন করে পণ্যগুলো আমদানির আগ্রহও প্রকাশ করেছেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
কপ-৩১-এর চতুর্থ দিনে জলবায়ু অর্থায়ন ও নগর সহনশীলতায় গুরুত্ব
এদিকে আনতালিয়ায় চলমান কপ-৩১ সম্মেলনের চতুর্থ দিনে বিশ্বনেতাদের আলোচনায় গুরুত্ব পেয়েছে জলবায়ু অর্থায়ন, প্যারিস চুক্তির বাস্তবায়ন, নগর ও অবকাঠামোর জলবায়ু সহনশীলতা, পরিচ্ছন্ন জ্বালানি এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিষয়।
দিনের আলোচনায় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, জলবায়ু বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা অংশ নেন। দিনের মূল প্রতিপাদ্য ছিল ‘রেজিলিয়েন্ট সিটিজ অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট’ বা জলবায়ু সহনশীল নগর ও নির্মিত পরিবেশ। বন্যা, তাপপ্রবাহ, পানির সংকট, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং অবকাঠামোগত ঝুঁকি মোকাবিলায় নগর পরিকল্পনায় নতুন বিনিয়োগ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্যারিস জলবায়ু চুক্তির দ্বিতীয় দশকে প্রবেশের প্রেক্ষাপটে প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থায়নে প্রবেশাধিকার নিশ্চিত করা ছিল দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এ নিয়ে অনুষ্ঠিত হয় ‘দ্য সেকেন্ড ডিকেড অব দ্য প্যারিস অ্যাগ্রিমেন্ট: অ্যাকসেলারেটিং ইমপ্লিমেন্টেশন অ্যান্ড অ্যাকসেস টু ফাইন্যান্স’ শীর্ষক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক।
এ ছাড়া ‘আরবান রেজিলিয়েন্স, অ্যাডাপটেশন অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক উচ্চপর্যায়ের সংলাপে শহরগুলোর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণ, পানি ব্যবস্থাপনা, টেকসই অবকাঠামো নির্মাণ এবং নগরবাসীর জীবন-জীবিকার সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব পায়।
জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে অনুষ্ঠিত ‘গ্লোবাল গ্রিডস অ্যাকসেলারেটর: পাওয়ার ফর ফিউচার—গ্রিডস ফর এনার্জি সিকিউরিটি অ্যান্ড প্রসপারিটি’ শীর্ষক অনুষ্ঠানে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থার আধুনিকায়ন, আন্তসীমান্ত বিদ্যুৎ সংযোগ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জ্বালানি নিরাপত্তার সঙ্গে জলবায়ু লক্ষ্যমাত্রার সমন্বয় নিয়ে আলোচনা হয়।
নন-কার্বন ডাই-অক্সাইড গ্রিনহাউস গ্যাসবিষয়ক নেতাদের শীর্ষ সম্মেলনে মিথেনসহ অন্যান্য শক্তিশালী গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। একই সময়ে বন ও ভূমি ব্যবহার খাতে ফলাফলভিত্তিক অর্থায়ন নিয়ে ‘রেড প্লাস অ্যাজ আ ক্যাটালিস্ট’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
পাহাড়, হিমবাহ ও বরফাচ্ছাদিত অঞ্চলের ভবিষ্যৎ নিয়েও ছিল গুরুত্বপূর্ণ অধিবেশন। ‘অ্যাডভান্সিং দ্য মাউন্টেন অ্যাজেন্ডা’ শীর্ষক আলোচনায় হিমবাহ গলে যাওয়া, পানির প্রাপ্যতার পরিবর্তন, পাহাড়ি জনগোষ্ঠীর ঝুঁকি এবং অভিযোজনের জন্য টেকসই অর্থায়নের বিষয়গুলো উঠে আসে। এ ছাড়া আফ্রিকায় পরিচ্ছন্ন রান্নার জ্বালানির প্রসার এবং জলবায়ু অভিযোজন ও টেকসই উন্নয়নে আফ্রিকার নেতৃত্ব নিয়েও উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
সম্মেলনের আলোচনায় সার্বিকভাবে জলবায়ু প্রতিশ্রুতির বাস্তবায়ন, অর্থায়নের ন্যায্যতা এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজন সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।