1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
রিভলভিং ফান্ডে কফি-কাজুবাদাম চাষে বদলে যাবে পাহাড়ের অর্থনীতি: সাচিং প্রু - কৃষি সংবাদ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :

রিভলভিং ফান্ডে কফি-কাজুবাদাম চাষে বদলে যাবে পাহাড়ের অর্থনীতি: সাচিং প্রু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, ​রাঙ্গামাটি:

​পাহাড়ি জনপদের টেকসই উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ গঠনে ক্ষুদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের ওপর বিশেষ জোর দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু। তিনি জানান, প্রচলিত জুম চাষ ও দ্রুত পচনশীল ফসলের নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদী অর্থকরী ফসল হিসেবে কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে ‘রিভলভিং ফান্ড’ বা ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে চাষিরা যেমন স্বাবলম্বী হয়ে ঋণমুক্ত হবেন, তেমনি আগামী এক দশকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নিজস্ব তহবিলে কয়েকশ কোটি টাকা জমা হবে।

​আজ বৃহস্পতিবার ২৬ নভেম্বর রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী এসব কথা বলেন।

​উন্নয়ন ভাবনার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে সাচিং প্রু বলেন, ৫০ বছরেরও বেশি সময় আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমতলের পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষকে নিরাপদ ও উন্নত অবস্থানে নিতে দূরদর্শী পরিকল্পনা করেছিলেন, যার ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠিত হয়। বর্তমান সময়ে আরও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, বৈষম্যমুক্ত পরিবেশ গড়তে সংখ্যাগরিষ্ঠের পাশাপাশি ক্ষুদ্র জনগোষ্ঠীর অগ্রগতিও সমানভাবে নিশ্চিত করতে হবে।

​পাহাড়ের কৃষি ও ভূমি ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, অনুর্বর বা ফাঁকা পাহাড়গুলোকে কীভাবে উৎপাদনশীল করা যায়, তা নিয়ে নিয়মিত ভাবনাচিন্তা চলছে। ঐতিহ্যগত জুম চাষে পেঁপে বা কলার মতো দ্রুত পচনশীল ফসলের পাশাপাশি এখন বাণিজ্যিক কফি ও কাজুবাদাম চাষের সম্ভাবনা কাজে লাগানো জরুরি।

​রিভলভিং ফান্ডের রূপরেখা তুলে ধরে মন্ত্রী বলেন, এককালীন অনুদান বা ত্রাণের বদলে জবাবদিহি ও মালিকানাবোধ নিশ্চিত করতে ফেরতযোগ্য তহবিলের ব্যবস্থা রাখা হবে। নীতিমালা অনুযায়ী আগ্রহী ও প্রতিশ্রুতিবদ্ধ চাষিদের বাছাই করা হবে। কফি চাষের ছায়ার প্রয়োজনীয়তা মাথায় রেখে আম বা কলা বাগানের মালিকদের অগ্রাধিকার দেওয়া হবে, যেখানে একরে প্রায় ১ হাজার ১৫০টি চারা লাগানো সম্ভব। মে-জুন মাসে চারা সংগ্রহ এবং ডিসেম্বরের মধ্যে রোপণের সময়সূচি ধরে তিন বছরের সমন্বিত সহায়তা দেওয়া হবে। রোপণের তিন বছর পর ফলন এলে পরবর্তী তিন থেকে চার বছরের মধ্যেই চাষিরা ঋণ শোধ করে ঋণমুক্ত হতে পারবেন।

​জুম চাষের পর জমি ফেলে চলে যাওয়ার প্রবণতা বদলে ভূমির প্রতি স্থায়ী মায়া তৈরির আহ্বান জানিয়ে সাচিং প্রু বলেন, একটি কফি গাছ ৭০ থেকে ৮০ বছর পর্যন্ত টিকে থেকে দুই-তিন প্রজন্মের আয়ের উৎস হতে পারে। রুমার সোমশং এলাকায় ৪০-৫০ বছর পুরনো গাছ থেকে এখনো গাছপ্রতি ১৫ থেকে ২০ কেজি কফি পাওয়া যাচ্ছে এবং খাগড়াছড়িতেও এর নজির রয়েছে। পাশাপাশি গত বছর শুধু থানচিতেই ২৫ হাজার মণ কাজুবাদাম উৎপাদিত হয়েছে, যা পাহাড়ের অর্থনৈতিক সম্ভাবনাকে স্পষ্ট করে।

​ধর্মচর্চা ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মানুষের মৌলিক প্রয়োজন মেটানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নিরাপদ যাতায়াত, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত না হলে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। পার্বত্য তিন জেলায় উন্নয়ন বোর্ডের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও জনবলকে কাজে লাগিয়ে জেলা পরিষদের সাথে সমন্বয়ের মাধ্যমে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে। এ জন্য উন্নয়ন বোর্ডের ঐতিহ্যবাহী বাজেট বরাদ্দ বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

​সভায় মন্ত্রী বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

​পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহম্মদ, সদস্য (অর্থ ও পরিকল্পনা) মো. জাহিদ ইকবাল, উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন, খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল হক, বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মো. ইয়াছিন আরাফাত এবং রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমাসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park