কৃষি সংবাদ প্রতিবেদক:
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন মাদারীপুর থেকে আসা তাহেরা ইসলাম তিন্নি। ৪০ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সেরা পাঁচজনকে অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে ৪০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন ঢাকা থেকে আসা আবু আব্দুল্লাহ এমডি সিয়াম। তৃতীয় হয়েছেন ঢাকার সাজিয়া ফেরদৌস। চতুর্থ স্থান অধিকার করেন রংপুর থেকে আসা আরফিন জান্নাত এবং পঞ্চম হয়েছেন নোয়াখালীর জান্নাতুল ফেরদৌস।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে ৫০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৩০ হাজার, তৃতীয় স্থান অর্জনকারীকে ২০ হাজার, চতুর্থ স্থান অর্জনকারীকে ১৫ হাজার এবং পঞ্চম স্থান অর্জনকারীকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়।
প্রথম স্থান অর্জন করে উচ্ছ্বাস প্রকাশ করেন তাহেরা ইসলাম তিন্নি। নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে গর্বিত বোধ করছি। আমি ভাবতেও পারিনি আমি বিজয়ী হব। আমি অনেক প্রতিযোগিতায় হেরেছি, আজ প্রথম বিজয়ী হলাম।’
অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, রান্না কেবল খাবার তৈরির বিষয় নয়, এর সঙ্গে মানুষের ইতিহাস, সংস্কৃতি, ব্যক্তিত্ব ও ভালোবাসার একটি অংশ যুক্ত রয়েছে।
প্রতিযোগীদের উদ্দেশে তিনি বলেন, রান্না নিয়ে নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যেতে হবে। প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি রান্নাকে অনন্য করে তুলতে পারে। রান্নার প্রতি ভালোবাসা ও আগ্রহ ধরে রাখার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রান্নাকে পরিচিত ও প্রসিদ্ধ করতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, রান্নার প্রতি প্রতিযোগীদের আগ্রহ যেন কখনো হারিয়ে না যায়। নতুনত্ব ও সৃজনশীলতার মাধ্যমে বাংলাদেশের রান্নাকে বিশ্বের দরবারে তুলে ধরতে তাঁদের সহযোগিতা প্রয়োজন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের রান্নার দক্ষতা ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পান।