কৃষি সংবাদ প্রতিবেদক:
প্রাণিসম্পদ খাতের রোগ নিয়ন্ত্রণ, ভ্যাকসিন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং মাংস ও প্রাণিজাত পণ্যের রপ্তানি বৈচিত্র্যায়নে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে মাংস রপ্তানির লক্ষ্যে দেশে আধুনিক ‘মিট প্রসেসিং প্ল্যান্ট’ ও ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘রপ্তানি বৈচিত্র্যায়ন ও প্রাণিসম্পদ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলুফা আক্তার। সেমিনারে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে নীলুফা আক্তার জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে প্রায় ৩ হাজার কোটি টাকার ‘ওয়ান হেলথ’ প্রকল্পটি নেওয়া হচ্ছে। বিশ্বব্যাংকের অর্থায়নে এই প্রকল্পের চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এতে প্রথমবারের মতো বন্যপ্রাণীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
দেশের অভ্যন্তরীণ সক্ষমতা ও রোগমুক্ত অঞ্চল (ডিজিজ-ফ্রি জোন) গড়ে তোলার সাফল্য তুলে ধরে অতিরিক্ত সচিব বলেন, “গত কয়েক বছর ধরে ভোলা জেলায় এফএমডি (খুরারোগ) ভ্যাকসিনেশন কার্যক্রম চালানোর ফলে সেখানে রোগের প্রকোপ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এর সুফল হিসেবে ভোলার গরু-মহিষের চাহিদা ও দাম সারা দেশের হাটগুলোতে বেড়েছে। এই সাফল্য আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই।”
টিকা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার বিষয়ে তিনি বলেন, “বর্তমানে আমরা পিপিআর ভ্যাকসিনের শতভাগ চাহিদা মহাখালী টিকা উৎপাদন কেন্দ্র থেকেই পূরণ করছি, যা আমাদের সক্ষমতার বড় প্রমাণ। তবে অন্যান্য রোগের ভ্যাকসিনের আমদানিনির্ভরতা কমাতে বগুড়ার গাবতলীতে একটি বড় আকারের আধুনিক ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার সম্ভাব্যতা যাচাই ইতিমধ্যে অনুমোদিত হয়েছে।”
মাংস রপ্তানির ক্ষেত্রে বেসরকারি খাতের অংশগ্রহণের ওপর জোর দিয়ে নীলুফা আক্তার বলেন, “রপ্তানির জন্য স্লটার হাউস থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত আধুনিক মিট প্রসেসিং প্ল্যান্ট জরুরি। সরকার প্রকল্পের আওতায় কিছু স্লটার হাউস নির্মাণ করে দিয়েছে, তবে এগুলো পরিচালনা ও বাণিজ্যিকীকরণে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। কারণ, সরকারি দপ্তরের পক্ষে প্রসেসিং প্ল্যান্ট পরিচালনা করা সম্ভব নয়।”
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাসানুজ্জামান এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন দপ্তরের পরিচালক ফরিদা ইয়াসমিন। এছাড়াও অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।