কৃষি সংবাদ প্রতিনিধি বাগেরহাট:
সুন্দরবন পূর্ব বন বিভাগের জোংড়া এলাকা থেকে ২৫ কেজি হরিণের মাংস ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বনবিভাগ।
গোপন সংবাদের ভিত্তিতে জোংড়া টহল ক্যাম্পের পেছনের বনের গহীনে অভিযান চালিয়ে এসব মাংস জব্দ করা হয়।
তবে এসময় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যার আগ মুহূর্তে জোংড়া টহল ক্যাম্পের পেছনের বনের ভেতরে অভিযান চালানো হয়। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা দ্রুত বনের গহীনে পালিয়ে যান।
পরে ঘটনাস্থল তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। জব্দকৃত মাংসের সঙ্গে হরিণের মাথা, পা এবং চামড়াও রয়েছে। এসময় হরিণ শিকারে ব্যবহৃত আধা কিলোমিটার দৈর্ঘ্যের ফাঁদ (সুতা বা দড়ি) জব্দ; করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। চোরা শিকারিদের শনাক্তে ও আটক করতে অভিযান চালানো হচ্ছে।