1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সারের বাজারে সিন্ডিকেট, বেশি দামে কৃষককে কিনতে বাধ্য করার অভিযোগ - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক ৪ দিন গ্যাস বন্ধের খবরটি গুজব: পেট্রোবাংলা

সারের বাজারে সিন্ডিকেট, বেশি দামে কৃষককে কিনতে বাধ্য করার অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

সারের বাজারে অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য, বিতরণব্যবস্থায় অব্যবস্থাপনা ও সরকারের তদারকির ঘাটতির অভিযোগ তুলে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে জাতীয় সংসদে।

বুধবার (২ সেপ্টেম্বর) সংসদের বৈঠকে কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য ৭১ বিধিতে দেওয়া জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশে এ দাবি জানান সংসদ সদস্য আখতার হোসেন।

নোটিশে বলা হয়, দেশে সরকারি পর্যায়ে পর্যাপ্ত সারের মজুত থাকার কথা বলা হলেও মাঠপর্যায়ের চিত্র ভিন্ন। কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই) ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মধ্যে সমন্বয়হীনতা এবং মনিটরিং ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে অসাধু ডিলার ও সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করেছে বলে অভিযোগ করা হয়।

নোটিশে আরও বলা হয়, সরকারের নির্ধারিত ১ হাজার ৫০ টাকার ডিএপি এবং ১ হাজার ৩৫০ টাকার ইউরিয়া সার কৃষকদের ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় কিনতে বাধ্য করা হচ্ছে। অতিরিক্ত দাম নেওয়ার পরও অনেক ক্ষেত্রে ডিলাররা কৃষকদের পাকা রসিদ দিচ্ছেন না।

স্থানীয় প্রশাসনের কার্যকর নজরদারির অভাবে সারের বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে বলেও নোটিশে উল্লেখ করা হয়। এর ফলে জাতীয় পর্যায়ে কৃষকেরা দুর্ভোগে পড়েছেন। উত্তরাঞ্চলের কাউনিয়া ও পীরগাছা উপজেলায় চলতি ভরা মৌসুমে কৃষকেরা ডিলারদের কাছে ঘুরেও ন্যায্যমূল্যে সার পাচ্ছেন না বলে অভিযোগ করা হয়েছে।

আখতার হোসেন বলেন, সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রির কারণে কৃষকের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। এতে তারা ঋণগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষিপণ্যের দাম ও সামগ্রিক খাদ্য মূল্যস্ফীতির ওপরও চাপ তৈরি হচ্ছে। দীর্ঘমেয়াদে এটি দেশের খাদ্যনিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলেও নোটিশে সতর্ক করা হয়।

সিন্ডিকেট ভেঙে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

সারের সংকট নিরসনে অসাধু ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে নোটিশে। একইসঙ্গে অনিয়মে জড়িত ডিলারদের লাইসেন্স বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।

প্রকৃত কৃষকের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছাতে ডিজিটাল কার্ডভিত্তিক বিতরণব্যবস্থা চালুর বিষয়েও সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে।

সারের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ, বিতরণব্যবস্থার অনিয়ম দূর করা এবং কৃষকের স্বার্থ সুরক্ষায় সরকার কী ধরনের দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ নিচ্ছে-তা সংসদে কৃষিমন্ত্রীর কাছে জানানো প্রয়োজন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park