কৃষি সংবাদ প্রতিনিধি চট্টগ্রাম:
ভারত থেকে আমদানি করা ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চালের প্রথম চালান সফলভাবে খালাসের পর এবার দ্বিতীয় চালের জাহাজ শুক্র বা শনিবার প্রায় ২৭ হাজার টন চাল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে বলে আশা করা হচ্ছে। ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাড়া বন্দরে এখন লোড করা হচ্ছে চাল।
খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা এসব তথ্য জানান।
তিনি বলেন, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় সরকার ২ লাখ টন চাল কিনছে। গত ১১ নভেম্বর চুক্তির আওতায় সরবরাহকারী প্রথম দফায় ভারত থেকে ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন চাল সরবরাহ করেছে। এটি ছিল অন্তবর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা প্রথম চালের জাহাজ। জাহাজের চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে চাল খালাস শেষ হয়।
২৬ ডিসেম্বর রাত ৯টায় শুরু হয়ে চাল খালাস চলে ৩ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। এ সময় চালগুলো খাদ্য অধিদপ্তরের পরিবহন ঠিকাদারের ট্রাকযোগে পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রামের দেওয়ানহাট, সিলেট, ঢাকার তেজগাঁও, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে।
দ্বিতীয় জাহাজটি লোড করা হচ্ছে ভারতে। ১০-১১ জানুয়ারি জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়বে আশাকরি।