কৃষি সংবাদ প্রতিনিধি পঞ্চগড়:
দেশের চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত থেকে ১০০ টন সিদ্ধ চাল আমদানি করা হয়েছে। চাল আমদানি করেছে শেখ ট্রেডার্স নামের একটি আমদানিককারক প্রতিষ্ঠান।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে স্থলবন্দরের ইয়ার্ডে চালগুলো আনলোড করা হয়েছে বলে জানা গেছে। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে বাংলাবান্ধা স্থলবন্দরের ইয়ার্ডে চারটি পণ্যবাহী ট্রাক প্রবেশ করে।
দুপুরে চাল আমদানির তথ্যটি নিশ্চিত করে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, গত শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে ২৫ টন করে চারটি ট্রাক ইয়ার্ডে প্রবেশ করে। এ চালগুলো আমদানি করেছে শেখ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারি কৃষি কর্মকর্তা উজ্জল হোসেন বলেন, আবারও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০০ টন সিদ্ধ চাল এসেছে। বন্দরে আসার পর এগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এভাবে নিয়মিত চালসহ অন্যান্য খাদ্য সামগ্রী পণ্য আমদানি করা হলে তাহলে আমাদের দেশে ভোগ্যপণ্য জিনিসপত্রের দাম কমবে বলে আশা করা যাচ্ছে।
এর আগে চলতি সালের গত ১২ জানুয়ারি, ২০২৪ সালের ২৬ নভেম্বর ও ৮ ডিসেম্বর দুই দফায় স্থলবন্দরটি দিয়ে ভারত থেকে পৃথকভাবে সিদ্ধ চাল আমদানি হয়েছে। বন্দরটিতে ৯৫ শতাংশ পাথর নির্ভর হলেও বর্তমানে চালসহ বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে।