কৃষি সংবাদ প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করা হয়েছে। প্রায় দেড় মাস পরে সরকার এ কমিশন গঠন করলো। মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জানি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ড. মোহাম্মদ আবদুল মোমেনের পদত্যাগপত্র অনুমোদনের পর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুদক চেয়ারম্যান হিসেবে তার নাম অনুমোদন দিযেছেন।
মঙ্গলবার প্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে সরকারের হওয়া চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হওয় এক প্রজ্ঞাপনে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, কমিশনার হচ্ছেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ কে নিয়োগ দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। একই সঙ্গে দুই কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুনও পদত্যাগ করেন। এরপর থেকে দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদ খালি ছিল।
ড. এম এ মোমেন গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পদ থেকে পদত্যাগ করেন। এদিনই প্রধান উপদেষ্টা কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।পদত্যাগপত্র গৃহীত হলে দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য ফাইল রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়। আজ সকালেই সেটি অনুমোদন করা হয়।
গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৭ আগস্ট আবদুল মোমেনকে জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি ১৮ আগস্ট এই পদে যোগদান করেন। গত ১ অক্টোবর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন।