কৃষি সংবাদ প্রতিবেদক:
টিসিবির পণ্য বিক্রয় ও কার্ড পরিবর্তনে অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রাজধানীতে টিসিবির পণ্য বিক্রয় ও কার্ড পরিবর্তনে নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে, প্রধান কার্যালয়, ঢাকা হতে টিসিবি ভবন, কারওয়ানবাজার, ঢাকায় একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ১ কোটি ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তরকালে ৪৩ লক্ষ ম্যানুয়াল কার্ডকে বাতিল করার তথ্য পাওয়া যায়।
এছাড়াও, বিগত সময়ে নানাবিধ অনিয়মের মাধ্যমে ম্যানুয়াল ফ্যামিলি কার্ড বিতরণের তথ্য পাওয়া যায়। অভিযানকালে এ সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।
সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক স্মার্ট কার্ড বিতরণে অনিয়মসহ পূর্বে বিতরণকৃত ফ্যামিলি কার্ডের অনিয়মের বিষয়ে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।