কৃষি প্রতিবেদক: জালিয়াতির মাধ্যমে ঋণের প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ড. মহিউদ্দিন খান আলমগীরসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির দুদক উপপরিচালক সৈয়দ আতাউল কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের মহাপরিচালক মো আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন – সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ড. মহিউদ্দিন খান আলমগীর, আর সি এল প্লাস্টিক ইন্ড্রাস্ট্রিজের মালিক ও দি ফারমার্স ব্যাংকের সাবেক পরিচালক রাশেদুল হক চিশতি, সাবেক সহকারী অফিসার মোঃ ফখরুজ্জামান, ঋণ গ্রহিতা মোহাম্মদ ফারুক, মোঃ হিরন রহমান ও মোঃ ইব্রাহিম খান।
এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পারস্পরিক যোগসাজশে অপরাধ লব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন বা স্বয়াবৃত্ত করে সন্দেহজনক লেনদেন সংগঠন করেছেন। ফলে তারা মানিলন্ডারিংয়ের মাধ্যমে সাবেক দি ফারমার্স ব্যাংকের (বর্তমানে-পদ্মা ব্যাংক লিঃ) ৮ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাত এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে গোপন করেছেন। আসামিদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ৬৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।