কৃষি সংবাদ প্রতিবেদক:
চলতি বছরের নভেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে, যা আগের মাস অক্টোবরে ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। সবজির ভরা মৌসুমে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমার কথা থাকলেও পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে এর উল্টো চিত্র উঠে এসেছে।
রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নভেম্বর মাসে মূল্যস্ফীতি বাড়ার পেছনে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিকে অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে বিবিএস।
বিবিএস জানায়, এক মাসের ব্যবধানে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৩৬ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাস অক্টোবরে এই হার ছিল ৭ দশমিক ০৮ শতাংশ। তবে গত বছরের একই সময়ের (২০২৪ সালের নভেম্বর) তুলনায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে। গত বছর নভেম্বরে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ।
অন্যদিকে, খাদ্যবহির্ভূত (নন-ফুড) খাতে মূল্যস্ফীতির হার সামান্য কমেছে, যা কিছুটা স্বস্তি দিচ্ছে। নভেম্বরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ০৮ শতাংশে, যা আগের মাস অক্টোবরে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের নভেম্বরে এই হার ছিল ৯ দশমিক ৯ শতাংশ।
বিবিএসের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসে মূল্যস্ফীতির সামগ্রিক হার ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ। সেই তুলনায় চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কম। তারপরও মাসিক ভিত্তিতে এর বৃদ্ধি সাধারণ মানুষের জন্য অস্বস্তিকর।
বিবিএসের তথ্য অনুযায়ী, নভেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশে, যা আগের মাস অক্টোবরে ছিল ৭ দশমিক শূন্য ৮ শতাংশ। তবে গত বছরের একই সময়ের তুলনায় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমেছে। এক বছর আগে, অর্থাৎ ২০২৪ সালের নভেম্বরে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ।
খাদ্যবহির্ভূত (নন-ফুড) খাতে নভেম্বরে মূল্যস্ফীতির হার কিছুটা কমে ৯ দশমিক শূন্য ৮ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাস অক্টোবরে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের নভেম্বরে এই হার ছিল ৯ দশমিক ৩৯ শতাংশ।
এছাড়া গ্রামীণ এলাকায় চলতি বছরের নভেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮.২৬ শতাংশ, যা অক্টোবর মাসে ছিল ৮.১৬ শতাংশ। খাদ্যপণ্যে গ্রামীণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭.২৭ শতাংশ এবং খাদ্য বহির্ভূত পণ্যে ৯.২৪ শতাংশ।
শহর এলাকায় একই সময়ে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮.৩৯ শতাংশ, যা আগের মাসে ছিল ৮.৩৩ শতাংশ। শহরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৭.৬১ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে ৮.৯১ শতাংশে পৌঁছেছে।
বিবিএস জানিয়েছে, দেশের ৬৪টি জেলার ১৫৪টি হাট-বাজার থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে নভেম্বর ২০২৫ মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রস্তুত করা হয়েছে।