কৃষি সংবাদ প্রতিবেদক:
রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ৬ লাখ টন চাল ও গম সংগ্রহ করবে সরকার। এ জন্য দরপত্র দাখিলের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করেছে সরকর।
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানাগেছে, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে যথাসময়ে ঝুঁকিবিহীনভাবে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৩ লাখ মেট্রিক টন চাল আমদানির লক্ষ্যে পিপিআর ২০২৫ এর বিধি ১০২(১)(ক) অনুযায়ী দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকা বিজ্ঞাপন প্রকাশের তারিখ হতে ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করার একটি প্রস্তাব নিয়ে আসে খাদ্য মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি নীতিগত অনুমোদন দিয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৩ লাখ মেট্রিক টন গম ও পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এর ৬৮(১) ও পিপিআর, ২০২৫ এর বিধি ৯৯(২) অনুসারে জিটুজি ভিত্তিতে গম ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।