1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মেঘনার ৫০ কোটি লিটার পানি সরবরাহ হবে ঢাকায় - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

মেঘনার ৫০ কোটি লিটার পানি সরবরাহ হবে ঢাকায়

  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই’ শীর্ষক প্রকল্পের আওতায় মেঘনা নদীর বিশনন্দী পয়েন্ট থেকে দৈনিক ৫০ কোটি লিটার পানি উত্তোলন করে পরিশোধন করা হবে। এই পানি ঢাকা শহরের উত্তর-পূর্বাংশে সরবরাহ করা হবে। চলমান এ প্রকল্প সমাপ্ত হবে জুন ২০২৭ সাল নাগাদ। এরপরই শুরু হবে পানি সরবরাহের কাজ।

প্রকল্পের কাজ চলমান রাখার জন্য অর্থ বরাদ্দ চেয়ে পরিকল্পনা কমিশনে আবেদন করেছে ঢাকা ওয়াসা।

পরিকল্পনা কমিশন জানিয়েছে, উন্নয়ন সহযোগী সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ফ্রান্সের সংস্থা এজেন্সি ফ্রান্সিস দ্য ডেভেলপমেন্ট (এএফডি), ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি), বাংলাদেশ সরকার ও ওয়াসার নিজস্ব অর্থায়নে আলোচ্য প্রকল্পের কাজ বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় প্রস্তাবিত তৃতীয় সংশোধিত ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) অনুযায়ী ১০ হাজার ৯৭৫ কোটি ১৫ লাখ টাকা। প্রকল্পে সরকারি অর্থায়ন চার হাজার ২১২ কোটি টাকা, প্রকল্প ঋণ ছয় হাজার ৭৪০ কোটি টাকা এবং ঢাকা ওয়াসার নিজস্ব তহবিল ২২ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ জানুয়ারি ২০১৪ থেকে জুন ২০২৭ পর্যন্ত।

ঢাকা ওয়াসা জানায়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট চাহিদা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বিষয়ক সফটওয়্যারে প্রকল্পটির সর্বশেষ অনুমোদিত ডিপিপির তথ্য দেওয়া বাধ্যতামূলক। যেহেতু, প্রকল্পটির ব্যয় ও সময় বৃদ্ধির জন্য প্রস্তাব করা হয়েছে, ফলে অনুমোদনবিহীন প্রকল্পের অনুকূলে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট কর্মসূচিতে বরাদ্দ প্রস্তাব করার সুযোগ নেই।

এ অবস্থায় কাজের স্বার্থে আলোচ্য প্রকল্পটির প্রস্তাবিত তৃতীয় সংশোধিত ডিপিপি আগামী অর্থবছরের (২০২৫-২৬) বাজেট কার্যক্রম শুরুর আগেই অনুমোদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park