কৃষি সংবাদ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সরকারি খাদ্য গুদামে পুরাতন বস্তায় ধান-চাল সংগ্রহপূর্বক নতুন বস্তা ক্রয়ের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করা তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার এ অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযান পরিচালনা করে সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ। দুদকের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
দুদক জানায়, অভিযানকালে টিম চুয়াডাঙ্গা সদর খাদ্য গুদামে সংরক্ষিত বস্তা যাচাই করে সরবরাহকারীর নিকট হতে পুরাতন বস্তা গ্রহণ করে নতুন বস্তা হিসেবে দেখানো হয়েছে, এমন প্রাথমিক প্রমাণ পায়।
এছাড়াও টিম বস্তার ওজন এবং আর্দ্রতা পরিমাপ করে গ্রহণযোগ্য মাত্রার সাথে তারতম্য পায়। প্রাথমিক হিসাবে প্রায় ২০ হাজার বস্তা ক্রয়ে এরূপ অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করা হয়েছে মর্মে টিমের নিকট পরিলক্ষিত হয়।
বিস্তারিত যাচাইয়ের নিমিত্ত টিম চুয়াডাঙ্গা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হতে নতুন বস্তা ক্রয় সম্পর্কিত নীতিমালাসহ বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্রসমূহ পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।