কৃষি প্রতিবেদক: সোয়া কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪ নভেম্বর দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক রকিবুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের খুলনা অফিসের উপপরিচালক মো আবদুল ওয়াদুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অনুসন্ধান শেষে ২০১৯ সালের ৩০ অক্টোবর কামরুজ্জামানের নামে সম্পদ বিবরণী জারী করলে ওই বছরের ১৮ ডিসেম্বরে সম্পদের হিসাব দাখিল করেন। যেখানে তিনি ২ কোটি ৯০ লাখ ২১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন। কিন্তু রেকর্ডপত্র যাচাই-বাছাই শেষে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৯ লাখ ৬০ হাজার টাকার সম্পদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য গোপন প্রমাণ পাওয়া যায়। এছাড়া দুদকের অনুসন্ধানে ১ কোটি ২ লাখ ৩২ হাজার ৫৮২ টাকার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।