কৃষি সংবাদ প্রতিবেদক:
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়া তালিকা যাচাই করে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদগুলোর (ইউপি) তথ্যের সঠিকতা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৪ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ-সংক্রান্ত চিঠি দেশের সব জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট জেলার সব উপজেলার নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং স্থানীয় সরকার বিভাগ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এ অবস্থায় তালিকায় সংশ্লিষ্ট উপজেলার নির্বাচন উপযোগী ইউনিয়নগুলোর নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, কোনো ইউনিয়নের নাম বাদ পড়েছে কি না এবং আইনি জটিলতা বা সীমানাসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়ে হালনাগাদ তথ্য রয়েছে কি না, তা পুনরায় যাচাই করা প্রয়োজন।
চিঠিতে আরও বলা হয়েছে, তালিকা যাচাইয়ের পর ইউনিয়ন পরিষদের নাম, তারিখ, মামলা, সীমানাসংক্রান্ত জটিলতা, ভোটার তালিকা পুনর্বিন্যাস কিংবা অন্য কোনো বিষয়ে সংশোধনের প্রয়োজন হলে আগামী ৮ নভেম্বরের মধ্যে তা নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় পাঠাতে হবে।
আগামী ২১ জানুয়ারি প্রথম দফার ভোটের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে।
আগামী ১০ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এবার পাঁচ ধাপে স্থানীয় সরকারের এ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে ইসি।
দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। বাকি ইউনিয়ন পরিষদগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে।
ইতিমধ্যে ইউপি নির্বাচনের জন্য ৪৫ হাজার ৯৭২টি স্থায়ী ও ৪২৫টি অস্থায়ী ভোটকেন্দ্রসহ মোট ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এসব কেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ রয়েছে ২ লাখ ২ হাজার ১৫৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৩ হাজার ৫৮০টি। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি।
আগামী ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।