কৃষি সংবাদ প্রতিনিধি, মানিকগঞ্জ:
দেশের সকল জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত আছে। কোনো অসুবিধা নেই। সাধারণ জনগণের কাছে যে চাল-গম আছে সেগুলো আমরা ঠিকমতো সরবরাহ করতে পারবো বলে জানান, খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
রোববার দুপুরে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় অবস্থিত খাদ্য গুদামে আকস্মিক পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, দুর্যোগ কিংবা কোনো সংকট দেখা দিলে যাতে দ্রুত মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া যায়, সে জন্য প্রতিটি জেলায় চাহিদা অনুযায়ী খাদ্য মজুত গড়ে তোলা হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত রয়েছে। কোনো ধরনের খাদ্য সংকট নেই। জনগণের জন্য আমাদের মজুত ধান, চাল, গমসহ অন্যান্য খাদ্যশস্য প্রয়োজন অনুযায়ী সুন্দর ও সুশৃঙ্খলভাবে সরবরাহ করা সম্ভব।
খাদ্যের সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, মাত্র কয়েকদিন হয়েছে দায়িত্ব নিয়েছি। অতএব আমাকে দেখতে হবে, অবজারভেশন করতে হবে, আসলেই সত্যি কোনটি বা কি হচ্ছে ? তারপর এই সম্পর্কে মতামত দিতে পারবো।
দায়িত্বে অবহেলা করলে সতর্ক করে বলেন, খাদ্যগুদামে অনিয়মের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাছরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এফএস