কৃষি প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরো কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার করতে কাজ করছে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন।
গঠিত হওয়ার পর থেকে ডিজিটাল প্লাটফর্মে বা সরাসরি নিয়মিত মতবিনিময় করছে। যার অংশ হিসাবে বিভিন্ন স্তরের দুদকের কর্মকর্তাদের সভা করেছে। এরই ধারাবাহিকতায় এবার সরাসরি কমিশনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে সংস্কার কমিশন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও দুই কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন।
দুদকসহ বিভিন্ন সূত্র বলছে, দুদক কমিশনের সঙ্গে
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে পুরো সংস্কার কমিশনের সদস্য উপস্থিত থাকার কথা রয়েছে।
দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনে সদস্য হিসেবে উপস্থিত থাকার রয়েছে—সাবেক কম্পট্রোলার ও অডিটর জেনারেল মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম, ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক মোস্তাক খান, ব্যারিস্টার মাহদীন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিন এবং শিক্ষার্থী প্রতিনিধি।
কমিশন ৩ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করেছে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করার কথা রয়েছে।