কৃষি সংবাদ প্রতিনিধি, রাজবাড়ী:
রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়া এক বাঘাইড় ও দুই পাঙাশ বিক্রি হয়েছে ৯৭ হাজার ৩৫০ টাকায়। বাঘাইড় মাছের ওজন ছিল ২৩ কেজি, আর পাঙাশ দুটির ওজন ছিল ২০ কেজি ও ১৯ কেজি।
সোমবার (১৩ জুলাই) দিবাগত মাঝরাতে ও মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলে নিরাঞ্জন হলদার ও মোহাম্মদ হলদারের জালে মাছগুলো ধরা পড়ে বলে জানান স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ও সম্রাট শাজাহান শেখ।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, মোহাম্মদ হলদার তার দল নিয়ে রাতে পদ্মায় মাছ শিকারে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললে তাদের জালে একটি বাঘাইড় ও একটি পাঙাশ আটকা পড়ে। সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে এসে ওজন দিয়ে দেখেন, বাঘাইড় মাছটি ২৩ কেজি ও পাঙাশ মাছটি ১৯ কেজি। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে বাঘাইড় মাছটি ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৩৪ হাজার ৫০০ টাকায় এবং পাঙাশ মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৬০০ টাকায় কিনে নেন। এরপর মুঠোফোনে যোগাযোগ করে জার্মান প্রবাসীর কাছে বাঘাইড় মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৩৬ হাজার ৮০০ টাকা এবং পাঙাশ মাছটি ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৫৫০ টাকায় বিক্রি করা হয়।
আরেক মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ভোরে জেলে নিরঞ্জন হলদারের জালে ২০ কেজি ওজনের পাঙাশ মাছটি ধরা পড়ে। তিনি সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি আনলে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩২ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।