1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সার ডিলার নিয়োগের চুক্তি স্থগিত রাখার সুপারিশ, তদন্ত কমিটি গঠন - কৃষি সংবাদ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সার ডিলার নিয়োগের চুক্তি স্থগিত রাখার সুপারিশ, তদন্ত কমিটি গঠন

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

সার ডিলার নিয়োগে অনিয়ম ও অসংগতির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। যেসব এলাকায় ডিলার নিয়োগের অভিযোগ উঠেছে, সেসব ক্ষেত্রে চুক্তি সম্পাদন না হয়ে থাকলে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি স্থগিত রাখতে বলা হয়েছে সুপারিশে। আর যেসব ক্ষেত্রে চুক্তি ইতোমধ্যে সম্পাদিত হয়েছে, সেসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিশেষ করে লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোর জেলায় সার ডিলার নিয়োগসংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

সার বিতরণ, মজুত ও ব্যবস্থাপনা কার্যক্রম এবং সারের অবৈধ মজুত, বিপণন ও অন্যান্য অনিয়ম সরেজমিনে পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এসব সমস্যা নিরসনে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের জন্য কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন মো. রোকন উদ্দীন বাবুল ও মোছা. সাবিরা সুলতানা।

বৈঠকের শুরুতে প্রথম সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। পরে আগের সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরে কৃষি মন্ত্রণালয়।

সারের সংকট নেই, দাবি কমিটির সভাপতির
বৈঠকে কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন বলেন, ‘সার বিতরণ ব্যবস্থাপনাকে কেন্দ্র করে সৃষ্ট কৃত্রিম সংকট দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের মাধ্যমে নিরসন করা সম্ভব হয়েছে। বর্তমানে দেশে সারের কোনো সংকট নেই; বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সার কারখানাগুলো পূর্ণোদ্যমে উৎপাদন চালিয়ে যেতে পারলে ভবিষ্যতে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত সার রফতানির সুযোগ সৃষ্টি হতে পারে।’

বৈঠকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মো. রোকন উদ্দীন বাবুল, মো. মুজিবুর রহমান চৌধুরী, মোছা. সাবিরা সুলতানা ও মো. গোলাম রছুল অংশ নেন।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দফতরগুলোর মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park