1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পরিযায়ী পাখির কলতানে মুখর আনোয়ারার জলাশয় - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

পরিযায়ী পাখির কলতানে মুখর আনোয়ারার জলাশয়

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ২১১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চট্টগ্রাম:

আসছে পরিযায়ী পাখি। যা পাখি আমাদের দেশের নয়, অনেক দূর দেশ থেকে তারা এ সময় উড়ে আসে একটু আশ্রয় ও খাদ্যের আশায়।

যেসব দেশে শীতের তীব্রতা খুব বেশি, খুব ঠান্ডায় যেখানে পাখিদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে, খাবার থাকে না, সেসব দেশ থেকে বিভিন্ন প্রজাতির লাখ লাখ পাখি আমাদের দেশে চলে আসে। এবার শীতের শুরুতে আনোয়ারায় এসেছে ঝাঁকে ঝাঁকে নানা প্রজাতির পরিযায়ী পাখি।

এসব পাখির ওড়াউড়ি আর পানিতে ডানা ঝাপটানোর দৃশ্য মন জুড়ায়। পাখির কলকাকলীতে মুখর আনোয়ারা উপজেলার সাগর উপকূল, কোরিয়ান ইপিজেডের লেক, উপজেলা পরিষদের পুকুর, ছুরুত বিবির দিঘি, মনু মিয়ার দিঘি, কালা বিবির দিঘি, খাসখামা দিঘি, গুজরা দিঘি, পদ্ম পুকুরসহ উপজেলার প্রাচীনতম ও বৃহত্তম দিঘি-জলাশয়গুলোয়। দেয়াঙ পাহাড়ের গাছ-গাছালিতে বসেছে পাখির মেলা।

পরিযায়ী পাখির আগমন ঘিরে উপজেলার নান্দনিক সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ হয়েছে। সাগর উপকূল, পারকি সৈকত, কোরিয়ান ইপিজেডসহ বিভিন্ন দিঘি-জলাশয়ে সাদা বক, কবুতর, পানকৌড়ি, সাগর কৈতর, পাতিহাঁস, বালিয়া, গাংচিল, ঘুঘু, সারস, রাতচোরা, হরিয়ালসহ নানা প্রজাতির হাজার হাজার পরিযায়ী পাখির আগমন পাখি প্রেমিক ও পর্যটকদের মন আকৃষ্ট করে।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায় পরিযায়ী পাখির দল। সন্ধ্যা নামলেই দেয়াঙ পাহাড় ও দিঘি-জলাশয়ের পাড়ে গাছ-গাছালিতে আশ্রয় নেয় এসব পাখি। উপযুক্ত আবহাওয়া, পরিমিত খাবারের জোগান থাকায় পাখিগুলো এসব স্থানে আশ্রয় নেয় প্রতিবছর শীতের সময়।

পাখি বিশারদরা বলছেন, পৃথিবীতে প্রায় ১০ হাজার প্রজাতির পাখি আছে। এর মধ্যে গবেষকেরা ১ হাজার ৮৫৫ প্রজাতির পাখিকে পরিযায়ী পাখি হিসেবে চিহ্নিত করেছেন। প্রতিবছর বাংলাদেশে প্রায় ৩০০ প্রজাতির পরিযায়ী পাখি আসে। এসব পাখির মধ্যে উল্লেখযোগ্য হলো- হাঁস, রাজহাঁস, কালেম, ডাহুক, ছোট সরালি, খঞ্জনা, চটক, মাঠ চড়ুই, কসাই পাখি, গাঙচিল, নীলশির, রালশির, কালো হাঁস, লেঞ্জা হাঁস, খুদে গাঙচিল, কুন্তি হাঁস, জিরিয়া হাঁস, চখাচখি, বালি হাঁস, বড় সরালি, কালি বক, জলময়ূর, ডুবুরি, কোপা ডুবুরি, ছোট পানকৌড়ি, বড় পানকৌড়ি, কালো কুট, কাদাখোঁচা বা চ্যাগা, জালের কাদাখোঁচা, ছোট জিরিয়া, বাটান, চা পাখি, গঙ্গা কবুতর, সবুজ পা, লাল পা, পিউ, রাজ সরালি, পিন্টেল, পাতি সরালি, সাদা বক, দলপিপি, পানমুরগি, কাস্তেচড়া, বেগুনি কালেম, পানকৌড়ি, ইগল, পিয়াং হাঁস, ভুতি হাঁস, ধুল জিরিয়া ইত্যাদি। প্রতিবছরই দুইবার এরা এ দেশে আসে। শীতেই সবচেয়ে বেশি পাখি আসে।

খাসখামা গ্রামের মো. আজম জানান, প্রতিবছর শীত এলেই খাসখামা দিঘিতে নানা রকম অতিথি পাখির ঢল নামে। শৈশব থেকেই এ দৃশ্য দেখে আসছি। সকাল-সন্ধ্যা অতিথি পাখির কিচির-মিচির শব্দে মুখর থাকে এই এলাকা। শীতের শুরুতে পাখিগুলো আসে আবার গরম পড়তেই চলে যায়।

পাখিপ্রেমিরা জানান, এই সময়ে এসব পাখির ওপর লোভাতুর দৃষ্টি পড়ে কিছু মানুষের। পাখি শিকারিরা মেতে ওঠে পরিযায়ী পাখি শিকারে। দেশে পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। আইন থাকলেও তারা তা উপেক্ষা করে শিকার করে চলে, বাজারে বিক্রি করে। আর আমরা অনেকেই সেই সব পাখি কিনি, হত্যা ও রসনাবিলাস করি। যারা আমাদের কাছে একটু আশ্রয় ও উষ্ণতার আশায় আসে, আমরাই তাদের নিরাশ্রয় করি।

কোরিয়ান ইপিজেডের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, অতিথি পাখিদের আবাসস্থলের পরিবেশ সুস্থ ও সুন্দর রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিযায়ী পাখি নিজেদের নিরাপদ মনে না করলে এখানে আর আসবে না। পরিবেশ ও জীববৈচিত্র ঠিক রাখতে এসব পাখির ভূমিকা রয়েছে। তাই এসব পাখির বিচরণ নির্বিঘ্ন করতে স্থানীয় লোকজনকে এগিয়ে আসতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park