নিউজ ডেস্ক :
ঢাকায় পৌঁছেছে জুলাই যোদ্ধা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীর শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৮৫ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ নম্বর গেট দিয়ে হাদির মরদেহ বের হবে। এজন্য পুরো বিমানবন্দর এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
শুক্রবার বিমানবন্দর এলাকায় দেখা গেছে, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিত দেখা গেছে। এছাড়া বিমানবন্দরে যারা প্রবেশ করছেন তাদের তল্লাশি করা হচ্ছে। দূর-দুরান্ত থেকে অনেক বিক্ষুব্ধ জনতা আসছে হাদিকে শ্রদ্ধা জানাতে।
বিমানবন্দর থানার সাব ইন্সপেক্টর ইফতেখার ইসলাম বলেন, আজকে ওসমান হাদির মরদেহ আসবে ৮ নম্বর গেট দিয়ে সেজন্য আমাদের উপস্থিতি। অনেক ভিআইপি আসছেন হাদিকে রিসিভ করতে সেজন্য ভিআইপি গেটেও কড়া নিরাপত্তা দেওয়া হচ্ছে।
গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) নেওয়া হয়, যেখানে প্রাথমিক অস্ত্রোপচার করা হয়। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।