কৃষি সংবাদ প্রতিবেদক:
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৪৫ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল এবং আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়।
টিসিবির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেডের কাছ থেকে এই তেল কিনতে ৭১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে। এতে প্রতি লিটার তেলের দাম পড়ছে ১৫৯ টাকা ৫০ পয়সা।
এর আগে, গত ১৩ মে একই ধরনের পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনতে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছিল। তখন প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছিল ১৬১ টাকা। ওই অনুমোদন অনুযায়ী, মজুমদার প্রডাক্ট লিমিটেড থেকে ৫০ হাজার লিটার, তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ থেকে ২০ হাজার লিটার, প্রধান অয়েল মিলস থেকে ২০ হাজার লিটার এবং গ্রীন অয়েল অ্যান্ড পল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিজ থেকে ২০ হাজার লিটার তেল কেনা হবে।
দক্ষিণ কোরিয়া থেকে কিনবে এক কার্গো এলএনজি
দেশের জ্বালানির চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। দক্ষিণ কোরিয়া থেকে ৬০৮ কোটি ১৪ লাখ ৯ হাজার ১৫২ টাকায় এই এলএনজি আমদানি করা হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, পেট্রোবাংলা থেকে এক কার্গো এলএনজি সরবরাহের জন্য মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার পিওএসসিও ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে এই এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। এই এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৬০৮ কোটি ১৪ লাখ ৯ হাজার ১৫২ টাকা।
এর আগে গত ২০ মে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। সিঙ্গাপুরের মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে ৫৮৬ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৫৯ টাকায় এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়।