কৃষি সংবাদ প্রতিনিধি রাঙ্গামাটি:
নিয়ম বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে টেন্ডার ছাড়া এসিআই সিডসকে অবৈধ সুবিধা দেওয়ার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার রাঙ্গামাটি হতে কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ বিতরণে দুর্নীতি ও অনিয়মসহ নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এ তথ্য পাওয়াগেছে বলে নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ বিভাগ।
দুদক জানায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি হতে কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ বিতরণে দুর্নীতি ও অনিয়মসহ নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদর উপজেলা, রাঙ্গামাটি পরিদর্শনপূর্বক অভিযোগ সংক্রান্ত বিষয়ে নথিপত্র সংগ্রহ করে। নথিপত্র যাচাই ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণপূর্বক পর্যালোচনায় উপপরিচালক নিয়ম বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে টেন্ডার ব্যতিরেকে শুধুমাত্র একটিমাত্র কোম্পানি এসিআই সিডস, এসিআই থেকে ৫৪ লক্ষ টাকার বীজ সংগ্রহ করে এরূপটি পরিলক্ষিত হয়।
এছাড়া স্থানীয়ভাবে কোন কোটেশন ছাড়াই একজন ব্যক্তির নিকট থেকে আনারসের বীজ সংগ্রহ করা হয়েছে মর্মে টিম তথ্য পায়। অভিযোগের বিষয়সমূহ বিশদভাবে যাচাইয়ের নিমিত্তে টিম কর্তৃক প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।