কৃষি সংবাদ প্রতিনিধি নরসিংদী:
দেশে বর্তমানে গ্যাস সংকটের মধ্যে আছে। এই সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামীতে সার উৎপাদন বাড়বে। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে, তবে লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে।
শিল্প উপদেষ্টা বলেন, দেশে গত সাড়ে পনেরো বছরে গ্যাস খনন করা হয়নি। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। বর্তমানে ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে।
গত সাড়ে ১৫ বছরে প্রতিটি সেক্টরে হওয়া দুর্নীতির কথা উল্লেখ করে সেগুলো নিরসনের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এ সময় শিল্পসচিব জাকিয়া সুলতানা, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল হান্নান সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।