কৃষি সংবাদ প্রতিনিধি বগুড়া:
আসন্ন কোরবানিকে কেন্দ্র করে বগুড়ায় প্রস্তুত করা হয়েছে বাহাদুর নামের একটি বিশাল আকৃতির গরু। গরুটির ওজন ১,২৩০ কেজি, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি এবং রং সাদা-কালো। তবে এত যত্নে লালন-পালন করা বাহাদুরকে নিয়ে এখন বিপাকে পড়েছেন খামারি রবিউল করিম রবিন।
বাহাদুরকে হাটে তুলতে প্রয়োজন বড়সাইজের ট্রাক, যেটি পাওয়া ও ব্যবস্থাপনা বেশ ঝুঁকিপূর্ণ। হাটে নামানো, আবার তোলা—প্রতিটি ধাপে রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। ফলে গরুটি খামারেই বিক্রি করতে চাচ্ছেন রবিন, তবে এখনও প্রত্যাশিত দামে ক্রেতা মেলেনি।
বগুড়া শহরের মালিতনগরে এমএস ক্লাব মাঠের পাশে অবস্থিত ‘ভাই ভাই ডেইরি’ নামের খামারে লালন-পালন করা হচ্ছে বাহাদুরকে। রবিউল করিম রবিন জানান, গরুটির দাম তিনি চাচ্ছেন ১০ লাখ টাকা, যদিও এখন পর্যন্ত সর্বোচ্চ ৮ লাখ টাকা পর্যন্ত প্রস্তাব এসেছে।
খামারটি প্রতিষ্ঠা করেন রবিউলের বাবা আমজাদ হোসেন ১৯৬৫ সালে মাত্র একটি গরু দিয়ে। বর্তমানে রবিউল ও তার ভাই রাশেদুল ইসলাম মিলে খামারটি পরিচালনা করছেন। এবছর কোরবানির জন্য তারা প্রস্তুত করেছেন ১৩টি গরু।
রবিন জানান, তারা প্রাকৃতিক খাদ্যে গরু মোটাতাজা করেন। বয়লার ফিড দিয়ে দ্রুত গরু মোটাতাজা করার বিপক্ষে তারা। বাহাদুরকে তিনি সন্তানের মতোই লালন করেছেন বলে জানিয়েছেন, তাই বিক্রি করতে মন চায় না—তবুও বাস্তবতার কারণে বাধ্য হচ্ছেন।
বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান বলেন, ভাই ভাই ডেইরি ফার্ম জেলার একটি পুরনো ও সুনামধন্য খামার। তারা প্রকৃতিপন্থায় গরু পালন করে, যা স্বাস্থ্যসম্মত। বাহাদুর এখন কোরবানির হাট নয়, বরং আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বগুড়ায়।