1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সয়াবিনের সংকটের সুযোগ নিচ্ছে সানফ্লাওয়ার অয়েল - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সয়াবিনের সংকটের সুযোগ নিচ্ছে সানফ্লাওয়ার অয়েল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৮১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেল সহজলভ্য নয়। কোনো কোনো দোকানে ৫০০ মিলি এবং ১ ও ২ লিটারের বোতল পাওয়া গেলেও সোনার হরিণ হয়ে উঠেছে ৫ লিটারের বোতল। সুযোগ বুঝে দেশি-বিদেশি কোম্পানির সানফ্লাওয়ার অয়েলের দেখা মিলছে। যার দাম বেশ চড়া।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরের ইসিবি, মানিকদী এবং মাটিকাটা এলাকা ঘুরে এমন চিত্র চোখে পড়েছে। এসব এলাকার দোকানগুলোতে ৫ লিটারের সয়াবিন তেলের কোনো বোতল নেই। কিছু কিছু দোকানে ১ কিংবা ২ লিটারের বোতল রাখা আছে। তবে সে সংখ্যাও খুবই কম। ৫ লিটারের বোতল একেবারেই নেই বলে ক্রেতাদের জানিয়ে দিচ্ছেন প্রায় সব দোকানদার। এর বিপরীতে দোকানের পণ্যের সারিতে দৃশ্যমান রাখা হয়েছে ৫ লিটার ওজনের সানফ্লাওয়ার অয়েল। ক্রেতারা এসে যখন দোকানদারের কাছে সয়াবিন তেলের ব্যাপারে জানতে চাইছেন তখন তারা ‘সানফ্লাওয়ার অয়েল’ দেখিয়ে দিচ্ছেন। দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির সানফ্লাওয়ার অয়েল রয়েছে দোকানগুলোতে।

দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, টিকে গ্রুপের ভিটালাইফ নামের ফর্টিফাইড এডিবল সানফ্লাওয়ার অয়েলের ৫ লিটারের বোতল ১ হাজার ৫০০ টাকা, কিংস সানফ্লাওয়ার নামের বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের ৫ লিটারের বোতল ২ হাজার ১০০ টাকা, কারনেল ব্র্যান্ডের ৫ লিটার ও ১ লিটারের বোতল যথাক্রমে ২ হাজার ৩০০ টাকা এবং ৪২০ টাকা, বোর্জেস ব্র্যান্ডের সানফ্লাওয়ার অয়েল ৫ লিটার ও ২ লিটারের বোতল যথাক্রমে ২ হাজার ৪৫০ টাকা এবং ৯৯৫ টাকা। একইসঙ্গে ওলিটালিয়া, সানবিম, ফরচুন, ট্রুকো নামের বিভিন্ন ব্র্যান্ডের সানফ্লাওয়ার অয়েলও দেখা গেছে।

দোকানিরা বলছেন, পরিবেশকরা আমাদের চাহিদা অনুযায়ী সয়াবিন তেল দিতে পারছেন না। এই সংকট গত ৪ মাস ধরে চলছে। এর বদলে সানফ্লাওয়ার অয়েল পাওয়া যাচ্ছে। আমরাও সেটাই বিক্রি করছি।

তবে বিষয়টি নিয়ে কথা বলতে বিরক্তি প্রকাশ করেন অধিকাংশ দোকানি। আব্দুল হান্নান নামে এক দোকানি বলেন, দশ কার্টন সয়াবিন তেল চাইলে পরিবেশকরা এক কার্টন দিচ্ছে। বাজারে কেন সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না সেটি তারাই বলতে পারবেন। আমাদের যা দেওয়া হয় আমরা তাই বিক্রি করি।

শরিফুল ইসলাম নামে আরেক দোকানি বলেন, অনেকে সানফ্লাওয়ার অয়েল কিনে নিচ্ছেন। আমরা কাউকে জোরাজুরি করছি না। ১ লিটার কিংবা ২ লিটারের সয়াবিন তেলের যত বোতল আসছে সব তাৎক্ষণিকভাবেই দোকানে ওঠানো হচ্ছে। তবে সমস্যা হচ্ছে, একসঙ্গে অনেক বোতল দেখলে একজন কাস্টমারই সবগুলো কিনে নিয়ে যেতে চান। সেজন্য ডিসপ্লেতে কম কম ওঠানো হচ্ছে। কেউ চাইলে বোতল থাকলে বের করে দিচ্ছি।

অন্যদিকে ক্রেতারা বলছেন, এত দীর্ঘ সময়েও সয়াবিন তেলের এই সংকটের সমাধান এবং সিন্ডিকেট ভাঙতে না পারাটা সরকারের ব্যর্থতা। বাজারে তেলের সরবরাহ কম হওয়ার সুযোগে অনেকে বেশি দাম নিচ্ছেন। অনেক দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। আবার দোকানগুলোতে খোলা তেল পাওয়া গেলেও তা অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে। যার ফলে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন।

রাজন মাহমুদ নামে এক ক্রেতা বলেন, বোতলে খোলা সয়াবিন তেল ভরে তার দাম বোতলজাত সয়াবিন তেলের সমান রাখা হচ্ছে। আবার কিছু দোকানে বোতলজাত তেল পাওয়া গেলেও অতিরিক্ত দাম নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এগুলো দেখভাল করাটা সরকারের দায়িত্ব। তাদের উচিত পুরো বিষয়টি খতিয়ে দেখা। এত সময় পরও এই সমস্যার সমাধান করতে না পারাটা দুঃখজনক। এই পরিস্থিতি স্বাভাবিক করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।

বিষয়টি নিয়ে কথা বলতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোহাম্মদ আলীম আখতার খানের মোবাইল ফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park