কৃষি সংবাদ প্রতিবেদক:
বাংলাদেশে সামুদ্রিক খাদ্য ও কৃষি ভিত্তিক শিল্পের উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই)।
রোববার বিকালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এর সঙ্গে ইউকেবিসিসিআই-এর প্রতিনিধি দল সাক্ষাৎকালে এ দুটি ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং দু’দেশের ব্যবসা ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়।
এসময় যুক্তরাজ্যে বসবাসরত ব্যবসায়ীদের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
বৈঠকে ইউকেবিসিসিআই এর চেয়ারম্যান ইকবাল আহমেদ, প্রেসিডেন্ট এম জি মওলা মিয়া, প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট বজলুর রশিদ, বাংলাদেশ রিজিওনাল প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ তোফাজ্জেল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফ উপস্থিত ছিলেন।