কৃষি সংবাদ প্রতিবেদক:
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এখন বাংলাদেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে।
বুধবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, খাদ্য উপদেষ্টা সচিবালয়ে বাংলাদেশস্থ রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন সৌজন্য সাক্ষাৎ ও বৈঠককালে একথা বলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের খাদ্য নিরাপত্তাসহ রাশিয়া থেকে গম আমদানির বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে খাদ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ, খাদ্যশস্য বিশেষ করে গম এবং সারের বড়ো একটি অংশ রাশিয়া থেকে আমদানি করে।
খাদ্য উপদেষ্টা রাষ্ট্রদূতকে জানান, এ মুহূর্তে দেশে বর্তমানে গমের চাহিদা ৭০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় মাত্র ১০ লাখ মেট্রিক টন। বাকী ৬০ লাখ মেট্রিক টন আমদানি করতে হয়।
খাদ্য উপদেষ্টা আরও বলেন রাশিয়া, বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। রাশিয়ার সাথে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্কের বিষয় উল্লেখ করে তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহায়তা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের কাউন্সিলর Vladimir Mochalov সহ উর্দ্ধতন কর্মকর্তারা এবং খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসানসহ খাদ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।