1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ঝিনাইদহে ৫০ কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ঝিনাইদহে ৫০ কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ঝিনাইদহ:

পহেলা ফাল্গুন কাল। সেই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবসের হাতছানি। এরই মধ্যে বসন্ত উৎসবের আমেজ ছড়িয়েছে সারাদেশে। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও সারাদেশে ফুলের চাহিদা বেড়ে যায়। ফলে ঝিনাইদহের ফুলচাষিরা ফুল সংগ্রহ ও বাজারজাতকরণের কাজে এখন ব্যস্ত সময় পার করছেন। পাইকারি ও খুচরা বাজার এখন রমরামা।

জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার গান্না , কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা, মহেশপুর উপজেলার নেপা বাজারের পাইকারি ফুলের বাজারে প্রতিদিন লাখ লাখ টাকার ফুল বিক্রি হচ্ছে। এই ফুলগুলো হাত বদলে চলে যায় ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন শহরে। সারাদেশে গাঁদা ফুলের ৭০ শতাংশ চাহিদা মিটিয়ে থাকেন ঝিনাইদহের চাষীরা।

ফুলচাষিরা জানিয়েছেন, এ বছর গাঁদা, গোলাপ, রজনিগন্ধা, চন্দ্রমল্লিকা, সাদা গোলাপ, গ্লাডিওলাসসহ নানা জাতের ফুল চাষ হয়েছে।

ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের ফুলচাষি সোলাইমান হোসেন বলেন, এক একর জমিতে চন্দ্রমল্লিকা, জারবেরা, গোলাপ ও গাঁদা ফুলের চাষ করেছি। বিশেষ দিবসকে ঘিরে ফুল গাছের পরিচর্যায় আমাদের ব্যস্ত সময় কাটছে। বাজারে ফুলের দাম বেশি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, ঝিনাইদহে ২২৪ হেক্টর জমিতে ফুলের চাষ হচ্ছে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ২৭ হেক্টর, কালীগঞ্জে ৭৫ হেক্টর, কোটচাঁদপুরে ৫২ হেক্টর এবং মহেশপুর উপজেলায় ৭০ হেক্টর জমিতে নানা প্রজাতির ফুল চাষ হয়েছে। তবে জেলার সদর উপজেলা ও কালীগঞ্জে গাঁদা ফুলের চাষ বেশি হয়ে থাকে। হলুদ ও লাল রঙের এই ফুল সারাদেশে বেশ জনপ্রিয়।

ফুল চাষি শরিফুল ইসলাম বলেন, সারা বছর গাঁদা ও গোলাপ ফুলের চাহিদা স্বাভাবিক থাকে। তবে ডিসেম্বর থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশেষ দিবসগুলোকে কেন্দ্র করে ফুলের চাহিদা বেড়ে যায়। এ কারণে ফুলের বাড়তি যত্ন নেওয়া হয়। গতবছর ফুলের বাজার অনেক ভালো ছিল, এ বছর একটু কম। তবে ১৪ ফেব্রুয়ারি, বসন্ত বরণ ও ২১শে ফেব্রুয়ারি ফুলের দাম বেশি পাবো বলে আশা করছি।

জেলা ফুল চাষি ও ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জমির উদ্দিন জানান, গত কয়েকদিন আগেও ফুলের বাজারে দাম অনেক কম ছিল। বর্তমানে ফুলের চাহিদা বেড়েছে। ঝিনাইদহের গাঁদা ফুল সারাদেশে জনপ্রিয়। বর্তমানে প্রতি ঝুপা (গোছা) গাঁদা ফুল মান ভেদে ২৫০ টাকা থেকে ৩৬০ টাকা, গোলাপ প্রতি পিস ১৮-২০ টাকা, জারবেরা প্রতি পিস ৮-১০ টাকা, রজনিগন্ধা প্রতি পিস ৬-৭ টাকা, গ্ল্যাডিওলাস প্রতি পিস ১০-১২ টাকায় পাইকারি বিক্রয় হচ্ছে।

জমির উদ্দিন বলেন, পহেলা ফাল্গুন, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এবং একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলের চাহিদা বেশি থাকে। এসব দিবসকে ঘিরে ঝিনাইদহ থেকে আনুমানিক ৫০ কোটি টাকার বেশি ফুল বিক্রয় করার টার্গেট রয়েছে।

ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর-এ-নবী বলেন, ঝিনাইদহে ফুল চাষীরা ব্যস্ত সময় পার করছেন। আশা করছি এ বছর সদর উপজেলার গান্না বাজার থেকে ২০ কোটি টাকার ফুল বিক্রি হবে। আমরা ফুলের পরিচর্যা, সংরক্ষণ ও বাজারজাতকরণে কৃষকদের সার্বিক পরামর্শ দিয়েছি। আশা করছি, এ বছর কৃষকরা লাভবান হবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park