কৃষি সংবাদ প্রতিবেদক:
দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। খাল খননে শিক্ষার্থীদেরও সম্পৃক্ততার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
খাল খননে যন্ত্রের ব্যবহার কমিয়ে সাধারণ মানুষ, শ্রমিক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, খাল খননে সাধারণ মানুষ ও শ্রমিকদের সম্পৃক্ত করার ওপর জোর দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। খননে যন্ত্রাংশের ব্যবহার কমিয়ে কমপক্ষে ৫০ থেকে ৭০ শতাংশ কাজ সাধারণ মানুষ ও শ্রমিকদের মাধ্যমে সম্পন্ন করা হবে। কিছু ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠন এবং হাইস্কুল ও কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদেরও এ কর্মসূচিতে যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এটি রাজনৈতিক অঙ্গীকার এবং জনবান্ধব কর্মসূচি। খাল খননের নামে অতীতে যেসব লুটপাট হয়েছে, তার প্রতিকার হিসেবে প্রতিমন্ত্রী জানিয়েছেন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং মাঠ পর্যায়ে স্থানীয় মন্ত্রী ও এমপিদের উপস্থিতি নিশ্চিত করা হবে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, একই দিনে আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট জেলার মন্ত্রী এবং সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে এ কর্মসূচি উদ্বোধন করবেন। এ কর্মসূচি হবে চার বছর মেয়াদি। প্রধানমন্ত্রীর নির্বাচনি অঙ্গীকার ঘোষণা অনুযায়ী ২০ হাজার কিলোমিটার খাল আমরা খনন করব ইনশাআল্লাহ। এটি বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ছিল।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনি অঙ্গীকার ঘোষণা অনুযায়ী ২০ হাজার কিলোমিটার খাল আমরা খনন করব ইনশাআল্লাহ। পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।