কৃষি সংবাদ প্রতিবেদক:
দেশের ৪০১ টি উপজেলায় ওএমএসে ৪ মেট্রিক টন করে চাল বিক্রি করবে সরকার।
সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, স্বল্প আয়ের মানুষের মূল্য সহায়তা দিতে খাদ্য মন্ত্রণালয় সারাদেশে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস) কার্যক্রম চলমান রেখেছে। সিটি কর্পোরেশন, জেলা সদর, পৌরসভা ও শ্রমঘন এলাকার ০১ হাজার ৫৭ টি কেন্দ্রে ওএমএস কার্যক্রমে চাল ও আটা বিক্রি হচ্ছে।
চালের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলা সদর ব্যতীত অন্যান্য ৪০১ টি উপজেলায় প্রতি কার্যদিবসে ০৩ মেট্রিক টন চালের স্থলে ০৪ মেট্রিক টন চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ০৩ জেলার ২৩ টি উপজেলায় প্রতি কার্যদিবসে ০১ মেট্রিক টন করে চাল বিক্রি করা হচ্ছে। সারাদেশে ১ হাজার ৯০৩ টি কেন্দ্রে ট্রাক এবং দোকানের মাধ্যমে ওএমএস কার্যক্রমে প্রতি কার্যদিবসে প্রতি কেজি চাল ৩০ টাকা দরে এবং প্রতি কেজি আটা ২৪ টাকা দরে ও দুই কেজির আটার প্যাকেট ৫৫ টাকা দরে ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে।