কৃষি সংবাদ প্রতিবেদক:
চালের দাম ও বাজার সহনীয় রাখতে প্রয়োজনে বিশেষ ওএমএস (খোলা বাজারে চাল বিক্রি) চালু করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
চালের দাম বাড়ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থ উপদেষ্টা বলেন, একটি স্পেসিফিক আইটেম চালের ক্ষেত্রে দাম কিছুটা বেড়েছে। অন্যান্যগুলোর ওভারঅল খুব বেশি বেড়েছে, তা নয়। সাপ্লাই চেইনের কারণে এটা (চালের দাম বৃদ্ধি) হয়েছে।
তিনি বলেন, আমরা দেখছি, যাতে মধ্যস্বত্বভোগীদের কারণে চালের দাম না বাড়ে। এটা মেজর কনসার্ন। চালের দাম একটু যখন বাড়ছিল তখন আমি সঙ্গে সঙ্গেইখাদ্য ও বাণিজ্য উপদেষ্টাকে বলেছি।
অর্থ উপদেষ্টা বলেন, বলেছি আপনারা যেখান থেকে পারেন চাল আমদানি শুরু করেন। প্রয়োজনে বাফার স্টক করে রাখেন। বাফার স্টক থাকা মানে সরকারের যদি একটা স্টক থাকে তাহলে বাইরে যারা আছে তারা একটু সংযত হয়। দরকার হলে আমরা বলেছি স্পেশাল ওএমএস করে দেবো।
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও দামের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, এরই মধ্যে ছোলা, ডাল, খেজুর আমদানি করা হয়েছে। সয়াবিন তেলও কিছুটা সহনীয় হয়ে এসেছে। যদি দরকার হয় আমরা আবার সয়াবিন তেলের বিষয়ে সিদ্ধান্ত নেবো। সবচেয়ে বড় কথা হলো এখন থেকে বাজার মনিটরিংটা আরও জোরদার করতে হবে। শুধু ভোক্তা সংরক্ষণ আইন দিয়ে হবে না।
নতুন করে আবার পেঁয়াজ আমদানির ওপর শুল্ক আরোপ করা হবে কি না- জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, আমরা রমজান শেষ হওয়ার আগে আর কোনো ডিউটি কাঠামো পরিবর্তন করবো না। মেসেজ দেওয়া হয়েছে, রমজান শেষ হওয়া পর্যন্ত আমরা শুল্কে কোনো পরিবর্তন আনবো না।