কৃষি সংবাদ প্রতিনিধি, নাটোর:
নাটোরের বাগাতিপাড়ায় সন্ধ্যার পর প্রায় এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারী-পুরুষসহ ১১ জন আহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। আহতরা বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
আহতদের মধ্যে দুজন নারী ও নয়জন পুরুষ রয়েছেন। তারা বাগাতিপাড়া পৌরসভার ঘোরলাজ, নওশেরা, বারইপাড়া, সোনাপাতিল ও পেড়াবাড়িয়াসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।
আহতদের মধ্যে পলি নামের এক নারীও রয়েছেন। জানা গেছে, উপজেলা চত্বর এলাকায় হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে শেয়ালের কামড়ের শিকার হন তিনি।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামুন আল হাসান সৌমিক জানান, বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শেয়ালের কামড়ে আহত প্রথম রোগী হাসপাতালে আসেন। এরপর একে একে আরও রোগী চিকিৎসা নিতে আসেন। প্রায় এক ঘণ্টার মধ্যে মোট ১১ জন শেয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।
চিকিৎসক শেয়ালের কামড়ের শিকার ব্যক্তিদের আতঙ্কিত না হয়ে দ্রুত ক্ষতস্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ভালোভাবে ধুয়ে ফেলার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্ক প্রতিরোধী টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে জলাতঙ্ক প্রতিরোধী টিকা মজুত রয়েছে বলে জানান তিনি।