কৃষি সংবাদ প্রতিনিধি, ফরিদপুর:
দুর্নীতি দমন কমিশন (দুদুক) ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের দায়েরকৃত মামলায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সাবেক ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক তারিকুজ্জামানকে (৪৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বিকেলে ফরিদপুর বিশেষ জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ আদেশ দেন।
ওই খাদ্য কর্মকর্তা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।
খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামান (বর্তমানে ঢাকায় কর্মরত) ও উপ-খাদ্য পরিদর্শক বোয়ালমারীর ছানোয়ার হোসেনের (৪৩) (বর্তমানে ঢাকায় কর্মরত) বিরুদ্ধে ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৫০১ টাকা মূল্যের চাল, ধান ও গম আত্মসাৎ করার অভিযোগে মামলা করে দুদক।
গত ২০২৩ সালের ১১ এপ্রিল ফরিদপুর দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর দুদকের উপসহকারী পরিচালক ইমরান আকন বলেন, দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশ মোতাবেক মামলার তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করা হয়।
ওই মামলায় তারিকুজ্জামান আদালতে জামিন প্রার্থনা করেন। বিশেষ জেলা জজ তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। অপর আসামি ছানোয়ার হোসেন পালাতক রয়েছে বলে জানান তিনি।