কৃষি সংবাদ প্রতিবেদক:
বাংলাদেশের কৃষিতে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি হস্তান্তরসহ সার কারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে চীন।
আজ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীর(অব.) সাথে কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।
কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, কৃষি খাতে বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করতে আগ্রহী। তাঁর দেশ সার কারখানা স্থাপন, নিরাপদ খাদ্য, কৃষিতে অত্যাধুনিক ড্রোণ প্রযুক্তি হস্তান্তরসহ বিভিন্ন বিষয়েও কাজ করতে আগ্রহী।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কৃষি পণ্য রপ্তানী, কৃষি বিষয়ক প্রযুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়নের সহযোগি। চীনের সাথে কূটনৈতিক সম্পর্কের ইতিহাস অর্ধশতাব্দির। ভবিষ্যতেও এ সম্পর্ক আরও জোরদার হবে।
উপদেষ্টা বাংলাদেশ থেকে চলতি মৌসুমে আম আমদানী করার জন্য চীনকে ধন্যবাদ জানান। আগামী মৌসুমে আমের পাশাপাশি কাঁঠাল, সুগন্ধি চাল আমদানীর বিষয়েও অনুরোধ জানান।
উপদেষ্টা বাংলদেশের কৃষির আধুনিকায়নে যান্ত্রীকিকরণ প্রযুক্তি হাস্তান্তর, আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন, দেশের কৃষক ও কৃষি সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদানে সহযোগিতার বিষয়ে রাষ্ট্রদূতকে আহবান জানান।