1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে ডিসিদের নির্দেশ পরিবেশ উপদেষ্টার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে ডিসিদের নির্দেশ পরিবেশ উপদেষ্টার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

দেশের নদী, পাহাড় ও বন রক্ষায় জেলা প্রশাসকদের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ মঙ্গলবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন-২০২৫ এ জেলা প্রশাসকদের উদ্দশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব দিকনির্দেশনা দেন।

পরিবেশ উপদেষ্টা পাহাড় কাটার ক্ষেত্রে মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। তিনি বনাঞ্চল সংরক্ষণে মধুপুর শালবনের সীমানা চিহ্নিতকরণ, অবৈধ দখলমুক্তকরণ ও সংরক্ষিত বন এবং নদী ও জলাশয়ের রেকর্ড সংশোধনের বিষয়ে গুরুত্বারোপ করেন।

পরিবেশ উপদেষ্টা, সড়কের পাশে পাহাড়ের ঢালে সংরক্ষিত বন ঘোষিত এলাকায় কক্সবাজার জেলা প্রশাসনের ৫১ একরের আবাসন প্রকল্পটি বাতিলের নির্দেশনা দেন।

উপদেষ্টা বলেন, শতবর্ষী, প্রাচীন ও ঐতিহ্যবাহী বৃক্ষ চিহ্নিত করে সংরক্ষণ করতে হবে। নদীর তালিকা ধরে প্রতিটি জেলায় অন্তত একটি নদী দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ গ্রহণ করতে হবে।

পাশাপাশি, সমুদ্রসৈকত, হাওর, দ্বীপ ও বনাঞ্চলে পর্যটন নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশিকা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।’
তিনি উল্লেখ করেন, ‘বালু ও পাথর উত্তোলনের আগে অবশ্যই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ করতে হবে। দূষণবিরোধী অভিযানে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং প্রয়োজনে যৌথ বাহিনীর সহায়তা গ্রহণের ওপরও তিনি জোর দেন।’ দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণের নির্দেশ দেন এবং বন্য প্রাণীসংক্রান্ত অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণের আহ্বান জানান।

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, পরিবেশ অপরাধীদের তালিকা প্রণয়ন, পরিবেশ স্বেচ্ছাসেবীদের তালিকা তৈরি এবং পরিবেশ পদক ও বৃক্ষরোপণ পদকের জন্য ব্যক্তি ও সংস্থা নির্বাচন করার বিষয়ে তিনি দিকনির্দেশনা দেন।

উপদেষ্টা বলেন, ‘ইটভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বাজারে ক্রাশ প্রগ্রাম পরিচালনা করতে হবে। বিকল্প ব্যবস্থার অংশ হিসেবে বেসরকারি সংস্থার মাধ্যমে পুরাতন কাপড়ের ব্যাগ তৈরি করে তা প্রচলনের উদ্যোগ নিতে হবে।’

তিনি সকল সরকারি কর্মস্থলকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকমুক্ত করার নির্দেশনা দেন এবং হর্ন নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া সব পুকুরের তালিকা প্রণয়ন, ভূমিদস্যুদের হাত থেকে জলাশয় উদ্ধার এবং পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধ দখলমুক্ত করার আহ্বান জানান।

যেখানে উপযুক্ত, সেখানে নগরবন, পার্ক বা জনসাধারণের জন্য উন্মুক্ত স্থান গড়ে তোলার নির্দেশনাও তিনি দেন।
পরিবেশ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণে প্রশাসনের দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানসহ পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।

অধিবেশনে উপস্থিত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ অধিক্ষেত্রের পরিবেশ, বন ও পানিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার উল্লেখ করেন। উপদেষ্টা প্রতিটি বিষয় বিবেচনা করার আশ্বাস দেন। পরে সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park