কৃষি সংবাদ প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) ২৫ বছর পূর্তি উপলক্ষে চারদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে চারদিন ব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ।
চারদিন ব্যাপী এ আন্তর্জাতিক কৃষি ও খাদ্য সম্মেলন প্রতিদিন (২৭ থেকে ৩০ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে।
বিএজেএফ’র সভাপতি সাহানোয়ার সাইদ শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু খালিদের সঞ্চালনায় প্রথম অধিবেশন চলছে।
সাভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ২০০০ সালে প্রতিষ্ঠিত বিএজেএফ এখন পর্যন্ত কৃষি সাংবাদিকতা, কৃষকের অধিকার ও খাদ্যনীতি নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দেশের কোনো সাংবাদিক সংগঠনের এমন বৃহৎ কর্মসূচির আয়োজন আগে হয়নি। বিএজেএফ বাংলাদেশের একমাত্র সাংবাদিক সংগঠন, যেটি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাগ্রিকালচারাল জার্নালিস্টসের (আইএফএএজে) সদস্যভুক্ত। ভবিষ্যতে এ সংগঠনটি আরো এগিয়ে যাবে এবং সাংবাদিকদের মানোন্নয়নের জন্য কাজ করবে।
শাহীন বলেন, কৃষি ও খাদ্যে রাজনৈতিক অঙ্গীকারের ঘাটতি বহুদিনের। কোথায় পরিবর্তন প্রয়োজন, তা স্পষ্টভাবে তুলে ধরব। অনুষ্ঠানের প্রতিটি সেশনে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, উপদেষ্টা, রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতা ও বিভিন্ন মহলের প্রতিনিধিরা চার দিনের এ সম্মেলনে অংশ নেবেন।