কৃষি সংবাদ প্রতিবেদক:
জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ১২ হাজার ৫ শত মেট্রিক টন আতপ চাল নিয়ে mv THAI BINH 01 জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর আগে ৩ ফেব্রুয়ারি,২০২৫ তারিখে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছিল।
শনিবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক ৭২ হাজার ৭ শত মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।
জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।