কৃষি সংবাদ প্রতিবেদক:
দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা,পুষ্টিমান এবং খাদ্য সরবরাহ নিশ্চিত রাখার লক্ষ্যে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।
রবিবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা এ এম ইমদাদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, এ সমঝোতা স্মারক (MOU) এর মাধ্যমে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে আস্থা এবং পারস্পরিক বাণিজ্য সহযোগিতার আরও বিস্তৃত ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে এবং উভয় দেশের জনগণ উপকৃত হবে।
আগামী পাঁচ বছর প্রতিযোগিতামূলক মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বছরে ০৭ ( সাত) লাখ মেট্রিক টন উচ্চমানের গম আমদানির বিষয়ে এ সমঝোতা স্মারকে বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং আমেরিকার পক্ষে U.S Wheat Association এর ভাইস প্রেসিডেন্ট Joseph K.Sower স্বাক্ষর করেন।
খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসানের সভাপতিত্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়। এ সময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বাংলাদেশ নিযুক্ত আমেরিকান রাস্ট্রদূত Tracey Ann Jacobson,বাণিজ্য সচিবসহ উভয় পক্ষের সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।