কৃষি সংবাদ প্রতিনিধি, শেরপুর:
শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় আসামি ফজলুকে ঢাকার আদাবর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর এলাকা থেকে নকলা থানার পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে গ্রেফতার ফজলুকে আদালতে সোপর্দ করা হয়।
নকলা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলা মামলার সহযোগী আসামি ফজলুকে ঢাকার আদাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর শেরপুরের নকলা উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা দিতে অস্বীকৃতি জানালে উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিনকে মারধর করেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) ও তার সহযোগী ফজলুর রহমান (৩২)।
ঘটনার পরদিন রাতে কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী নকলা থানায় মামলা করেন। মামলায় ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুম ও ফজলুরকে আসামি করা হয়। এ ঘটনায় রাহাত হাসানকে বহিষ্কার করেছে ছাত্রদল।