কৃষি প্রতিবেদক চাল, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক-কর কমিয়েও সুফল না পাওয়ায় আফসোসের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠানে এই আক্ষেপের কথা জানান অর্থ উপদেষ্টা।
রাষ্ট্রায়ত্ত ব্যাংক, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকসহ ১৭টি ক্যাটেগরিতে ৪৬টি প্রতিষ্ঠান পেয়েছে আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২৩।’আইসিএমএবি বেস্ট কর্পোরেট পুরস্কার ২০২৩: বাংলাদেশ পুনর্গঠন: কর্পোরেট শ্রেষ্ঠত্বের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিস্থাপকতা’ শীর্ষক অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ,বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম উদ্দিন, এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এর সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান এফসিএমএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইসিএমএবি আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী সংস্থা ও প্রতিষ্ঠানগুলো কে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ এই তিন নামাঙ্কিত সুদৃশ্য ট্রফি দেওয়া হয়।
অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনীতি অনেক বড় চ্যালেঞ্জ আছে। সেগুলো ঠিক করার উপায় ও আছে। এসময় তিনি ব্যবসায়ীদের সরকারের উপর ভরসা রাখার আহ্বান জানান।
স্বচ্ছতা ও জবাবদিহিতা বড় অভাব আছে জানিয়ে তিনি বলেন, অনেক কর ও শুল্ক কমিয়েছি। তারপরেও দাম কমেনি, এটা আমার আফসোস। ডিমের দাম কমছে না, পেয়াজের দাম কমছে না।
শুধুমাত্র শুল্ক কর কমিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, সাপ্লাই চেইনের অনেকগুলো ব্যাড সিস্টেম আছে। আমাদের ওপর ভরসা রাখুন। আমরা আপনাদেরকে সব রকম সাহায্য করবো। আমরা অনেক ট্যাক্স কমিয়েছি।
পাচার হওয়া অর্থ উদ্ধারে দাতা সংস্থাগুলো সাহায্য করতে চায় জানিয়ে তিনি বলেন, এখানে চার্টাড একাউন্টসদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, আমরা খুব কঠিন সময় পার করছি। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশকে পুনগঠন করার সুযোগ এসেছে। ব্যবসায়ীদের এখানে বড় ভূমিকা রাখতে হবে। কারণ তারা কর্মসংস্থান সৃষ্টি করে। বেসরকারি প্রতিষ্ঠান সরকারের চেয়ে কয়েকগুন বেশি কর্মসংস্থান সৃষ্টি করে।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সমস্যা আমরা শুনছি। সমস্যা চিহ্নিত করছি। আমরা ব্যবসা বান্ধব কর পরিবেশ করার সৃষ্টি করছি। কাস্টমসের সমস্যা দূর করছি। আয়কর প্রদান অনলাইনে করেছি৷ এটাকে ঝামেলামুক্ত করছি। আগামী বছর থেকে অনলাইনে করপোরেট কর সংগ্রহ করবো। আমরা চাই কর আদায়ে অটোমেশন আনতে। ব্যবসায়ীরা ঠিক মত কর দিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। সরকার ব্যবসায়ীদের সব ধরণের সাহায্য করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্পোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান এবং ইনস্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট আরিফ খান এফসিএমএ এবং সভাপতির বক্তব্য রাখেন আইসিএমএবি প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ।